বিশ্বকাপ ২০২৬-এ ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পর আলোচনায় ঘানার ওঝা কোয়াকু বনসাম। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি।
বনসামের দাবি, রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে লিওনেল স্কালোনির দল। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগেই বনসাম বলছেন, আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজাবে কেপ ভার্দে।
কেইনকে নিয়ে যা ঘটেছিল
এর আগে গ্রুপপর্বে ঘানার বিপক্ষে নামার আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ‘আধ্যাত্মিক কাজ’ করার কথা জানিয়েছিলেন বনসাম। তিনি বলেছিলেন, চোট ছাড়াই যেন কেইন ঘানার বিপক্ষে গোল না পান, সেই চেষ্টা করছেন। কাকতালীয়ভাবে ওই ম্যাচে গোল পাননি কেইন। ইংল্যান্ড-ঘানা ম্যাচটি ০-০ ড্র হয়।
চলতি বিশ্বকাপে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের সেটিই একমাত্র গোলশূন্য ম্যাচ ছিল। এরপর সামাজিক মাধ্যমে বনসামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ম্যাচের পর নিজেকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা’ দাবি করে বনসাম জানান, তিনি কেইনের ওপর থেকে জাদু তুলে নিয়েছেন। কারণ কেইন তার শত্রু নন। এমনকি নিজের এক সন্তানের নাম ‘হ্যারি’ রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এরপরই পানামার বিপক্ষে পরের ম্যাচে গোল করেন কেইন।
এখন অপেক্ষা ৪ জুলাইয়ের
হ্যারি কেইনের পর এবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে বনসামের এই ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার কথা সত্যি হয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র চার দিন।
মন্তব্য করুন